|
প্রধান
উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ শনিবার রংপুর
বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
বলেন, "রংপুরসহ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি
পূরণ হল। উচ্চ শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত
উন্মোচিত হল।"
এ বছরের ফেরুয়ারি মাসে রংপুরে
উপদেষ্টা পরিষদের বৈঠকে এখানে একটি স্বতন্ত্র
বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণের কথা
উল্লেখ করে তিনি বলেন, "মাত্র ১০ মাসের মধ্যে
বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড শুরু করতে পেরে আমরা
আনন্দিত।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-
শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এবং রংপুর
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. লুৎফর রহমান।
এরপর প্রধান উপদেষ্টা
বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তিনি
একটি গাছের চারাও রোপণ করেন।
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে
খামার এলাকায় ৭৫ একর জমির ওপর এ বিশ্ববিদ্যালয়ের
অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন অনুষদ,
লাইব্রেরি, প্রশাসনিক ভবন ও উপচার্যের কার্যালয়সহ
অবকাঠামোর মধ্যে দু'টি ছাত্র হল এবং একটি ছাত্রী
হলও থাকবে।
উপাচার্য ড. লুৎফর রহমান বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের
অবকাঠামো নির্মাণের জন্য একশ কোটি টাকা বরাদ্দ
দিয়েছে সরকার। এজন্য রংপুর কারমাইকেল কলেজের ৭৫
একর জমি হুকুম দখল করা হয়েছে।
তিনি জানান, গত ৩০ নভেম্বর বাংলা,
ইংরেজি, গণিত, অর্থনীতি, ব্যবসা প্রশাসন-বিবিএ ও
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- এ ছয়টি
বিভাগের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরকারি
টিচার্স ট্রেনিং কলেজে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী
ক্যাম্পাসে আগামী জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। |